দিল্লির রাজপথে শিক্ষার বিপ্লব, সোনম ওয়াংচুকের ডাকে তোলপাড়!
দেশের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনের দাবিতে শনিবার দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র ব্যানারে শুরু হয়েছে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি। এই অভিনব প্রতিবাদে সংহতি জানিয়ে যোগ দিয়েছেন প্রখ্যাত সমাজকর্মী সোনম ওয়াংচুক। তিনি দাবি জানিয়েছেন, দেশের রাজনীতিবিদ ও আমলাদের সন্তানদের সরকারি স্কুলে পড়াশোনা বাধ্যতামূলক করা হোক, যা শিক্ষাব্যবস্থায় দীর্ঘস্থায়ী সংস্কার আনতে সহায়তা করবে। এছাড়া রাজনীতিতে আসার সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি তরুণ প্রজন্মের হাতে দেশের দায়িত্ব তুলে দেওয়ার ওপর জোর দিয়েছেন।
শিক্ষাব্যবস্থার সংস্কারের লক্ষ্যে সিজেপি পাঁচটি প্রধান দাবি উত্থাপন করেছে। এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, শিক্ষা ব্যবস্থার দ্রুত ডিজিটালাইজেশন, মণিপুরের শিক্ষাব্যবস্থাকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনা, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপর গুরুত্বারোপ এবং সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করা। শান্তিপূর্ণ এই বিক্ষোভ কর্মসূচির জন্য দিল্লি পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এবং অনুমতিও দিয়েছে। শিক্ষার্থীদের এই আন্দোলন জাতীয় রাজধানীতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।