ভাঙড় বিস্ফোরণ কাণ্ড, তৃণমূল নেতা শওকতকে ১৪ দিনের এনআইএ হেফাজতের নির্দেশ!
দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে বোমা বিস্ফোরণ মামলায় মূল ষড়যন্ত্রকারী হিসেবে অভিযুক্ত ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে ১৪ দিনের এনআইএ হেফাজতে পাঠাল ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ এনআইএ আদালত। আগামী ১৯ জুন পর্যন্ত তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে থাকতে হবে। শুক্রবার রাতে দক্ষিণ ২৪ পরগনা থেকে তাঁকে গ্রেপ্তারের পর শনিবার আদালতে পেশ করে এনআইএ। তদন্তকারী সংস্থার দাবি, এই বিস্ফোরণ কাণ্ডের মূল নির্দেশদাতা ছিলেন শওকত মোল্লা এবং ঘটনার পর তথ্যপ্রমাণ নষ্ট করার নির্দেশও তিনিই দিয়েছিলেন।
আদালতে শুনানিকালে এনআইএ-র আইনজীবীরা শওকতের জামিনের তীব্র বিরোধিতা করে জানান, প্রভাবশালী নেতা হিসেবে তিনি জামিন পেলে তদন্ত প্রভাবিত করতে পারেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী তাঁর মক্কেলের জেড ক্যাটেগরির নিরাপত্তার প্রসঙ্গ তুলে যুক্তির অবতারণা করেন। উভয় পক্ষের সওয়াল-জবাব শেষে বিচারক জামিনের আবেদন খারিজ করে হেফাজতের নির্দেশ দেন। পাশাপাশি, ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন ও পেনড্রাইভসহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের ফরেন্সিক পরীক্ষার অনুমতিও দিয়েছে আদালত। তদন্তে উঠে এসেছে যে, বিস্ফোরণের পর মৃত ও আহতদের শওকত মোল্লার নিজস্ব গাড়িতে করেই সরিয়ে নেওয়া হয়েছিল। এই নিয়ে মামলাটিতে মোট চারজনকে গ্রেপ্তার করল এনআইএ।