দীর্ঘদিন আলাদা থাকলেই মানসিক নিষ্ঠুরতা, বিবাহ বিচ্ছেদ নিয়ে সুপ্রিম কোর্টের বড় রায়!
দীর্ঘ ১৫ বছর আলাদা থাকা দম্পতিদের ক্ষেত্রে বিবাহবিচ্ছেদে সিলমোহর দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিহার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কোনো দম্পতি দীর্ঘ সময় ধরে বিচ্ছিন্ন থাকলে এবং তাঁদের সম্পর্ক পুনর্গঠনের কোনো কার্যকর চেষ্টা না দেখা গেলে, তা মানসিক নিষ্ঠুরতার পর্যায়ে পড়ে। হিন্দু বিবাহ আইনের অধীনে এই পরিস্থিতিকে বিবাহবিচ্ছেদের একটি বৈধ ভিত্তি হিসেবে গ্রহণ করেছে শীর্ষ আদালত।
মামলাটির বিবরণে জানা যায়, ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এক চিকিৎসক দম্পতি বিয়ের মাত্র দুই-তিন মাস পর থেকেই ১৫ বছর ধরে আলাদা থাকছেন। আদালতের পর্যবেক্ষণ, দীর্ঘ সময় বিচ্ছিন্ন থাকার ফলে তাঁদের দাম্পত্য সম্পর্ক কার্যত বিলুপ্ত হয়ে গেছে। ২০০৯ সালে স্বামী প্রথমবার মানসিক নির্যাতনের অভিযোগ তুলে বিচ্ছেদের আবেদন করেছিলেন। দীর্ঘ আইনি লড়াই শেষে আদালত মন্তব্য করেছে যে, যখন কোনো বৈবাহিক সম্পর্ক মানসিকভাবে ভেঙে যায়, তখন আইনি কাঠামোর দোহাই দিয়ে তা কেবল কাগজ-কলমে টিকিয়ে রাখা অর্থহীন।