১১ দিনে শেষ পুরো পরিবার, স্ত্রী ও সন্তানের কবরেই প্রাণ হারালেন শোকাতুর সুভান!
উত্তরপ্রদেশের কুশীনগরে মাত্র ১১ দিনের ব্যবধানে একটি পরিবারের তিন সদস্যের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সূত্রপাত তীব্র তাপপ্রবাহের কারণে ছয় বছরের শিশু হাসানের অসুস্থতা ও মৃত্যুর মাধ্যমে। সন্তানের মৃত্যুশোক সহ্য করতে না পেরে সেদিনই তার মা রাজিয়া মারা যান। এরপর পরিবারের একমাত্র জীবিত সদস্য সুভান আহমেদ মানসিকভাবে ভেঙে পড়েন এবং স্ত্রীর ও ছেলের কবরের পাশে সময় কাটাতে শুরু করেন। সম্প্রতি কবরস্থানে গিয়ে সুভান আহমেদেরও নিথর দেহ উদ্ধার করা হয়।
পুলিশ সুভানের মৃত্যুকে অস্বাভাবিক মৃত্যু হিসেবে নথিভুক্ত করেছে। ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হলেও ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে বিষাক্ত কোনো পোকা বা সাপের কামড়ে মৃত্যুর আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এছাড়া প্রচণ্ড মানসিক আঘাত ও শারীরিক অবসাদকেও সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করছে তদন্তকারী দল। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।