সীমান্তে উত্তাল পরিস্থিতি! অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করল বিজিবি
ভারত ও বাংলাদেশ সীমান্তে বাংলাভাষী মুসলিমদের জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর অভিযোগ উঠেছে, যা নিয়ে সম্প্রতি উত্তেজনার সৃষ্টি হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দাবি করেছে, গত ৪ জুন ২৪ ঘণ্টার ব্যবধানে অন্তত ১০টি সীমান্ত লঙ্ঘনের প্রচেষ্টা প্রতিহত করেছে তারা। ভারতের ত্রিপুরা, আসাম ও পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে এই অনুপ্রবেশের চেষ্টা চালানো হচ্ছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়।
বিজিবি স্পষ্টভাবে জানিয়েছে, অবৈধভাবে কোনো ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। যদি ভারত কোনো গোষ্ঠীকে জোরপূর্বক সীমান্ত পার করার চেষ্টা করে, তবে তাকে আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা ও দ্বিপাক্ষিক চুক্তির লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে এবং তা কঠোরভাবে প্রতিহত করা হবে। অন্যদিকে, ভারত সরকার বরাবরই দাবি করে আসছে যে, তারা অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে এবং সীমান্ত সুরক্ষায় নিয়মিত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে থাকে।