বজ্রপাত ও ভারী বৃষ্টির সতর্কতা! আগামী কয়েকদিন কি নিরাপদ থাকবে রাজ্য?
দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার বড়সড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের একাধিক জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া অব্যাহত থাকবে। আজ থেকেই কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং বর্ধমানে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বর্ষা প্রবেশের অনুকূল পরিবেশ তৈরির ফলে এই ধারাবাহিক বৃষ্টিপাত হতে চলেছে, যার জেরে তীব্র গরম থেকে রাজ্যবাসী স্বস্তি পাবেন।
হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি আজ কোথাও কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আগামী ৭ ও ৮ জুন নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও মেদিনীপুরে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে ৯ থেকে ১২ জুন পর্যন্ত বাঁকুড়া, পুরুলিয়া ও বর্ধমানসহ বিভিন্ন জেলায় বৃষ্টির এই ধারা অব্যাহত থাকবে। ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার ফলে নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে এবং প্রবল ঝড়ে কাঁচা বাড়ি, গাছপালা ও বিদ্যুতের খুঁটির ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকায় জনজীবনে বিঘ্ন ঘটতে পারে।