প্রথা ভেঙে কার কাঁধে পিএসি-র দায়িত্ব? বিধানসভার অন্দরে তুঙ্গে জল্পনা
রাজ্যের বিভিন্ন সরকারি দফতর ও ক্যাগ (CAG) রিপোর্ট খতিয়ে দেখার দায়িত্বপ্রাপ্ত পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র সদস্যপদ নির্বাচন সম্পন্ন হয়েছে। বিধানসভার প্রথা অনুযায়ী ২০ সদস্যের এই কমিটিতে ৬ জন বিরোধী দলের এবং ১৪ জন শাসকদলের বিধায়ক মনোনীত হয়েছেন। বিরোধী শিবিরের অন্তর্দলীয় দ্বন্দ্বের জেরে ভোটাভুটির সম্ভাবনা তৈরি হলেও, শেষ পর্যন্ত তা এড়ানো সম্ভব হয়েছে।
বিরোধী শিবির থেকে মনোনীত ৬ জন সদস্যের মধ্যে ঋতব্রত শিবিরের রয়েছেন ফিরহাদ হাকিম, বিপ্লব মিত্র, গোলাম রব্বানি, কানাইয়ালাল আগরওয়াল ও সমর মুখোপাধ্যায়। কালীঘাট শিবির থেকে মনোনীত হয়েছেন অশোক দেব। অন্যদিকে, শাসকদলের ১৪ জন প্রতিনিধি হিসেবে অনুপকুমার সাহা, অম্লান ভাদুড়ি, বঙ্কিমচন্দ্র ঘোষ, হিরণ্ময় চট্টোপাধ্যায়, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, রাজেশ কুমার, রূপা গঙ্গোপাধ্যায়, সৈকত পাঁজা, সমরেন্দ্রনাথ ঘোষ, শিখা চট্টোপাধ্যায়, সোনম লামা, সৌরভ সিকদার, সুব্রত ঠাকুর এবং স্বপনকুমার দাসের নাম জমা দেওয়া হয়েছে। বিধানসভার বাদল অধিবেশনের শেষ দিনে অধ্যক্ষ রথীন্দ্র বোস পিএসি-র চেয়ারম্যানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।