বরুণ খুন মামলা, মমতার বিরুদ্ধে ষড়যন্ত্রের চাঞ্চল্যকর অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি!

উত্তর ২৪ পরগনার গাইঘাটার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডের ১৪ বছর পর এই মামলায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বুধবার নিহতের এক সহযোদ্ধা নন্দদুলাল দাস বনগাঁর পুলিশ সুপারের কাছে লিখিতভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে খুনের ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় ও তৎকালীন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কারণেই হত্যাকাণ্ডের প্রকৃত তদন্ত হয়নি এবং অভিযুক্তদের আড়াল করা হয়েছিল। বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন বনগাঁর পুলিশ সুপার বিদিশা কলিতা দাশগুপ্ত।

২০১২ সালের ৫ জুলাই গোবরডাঙা স্টেশন থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন মিত্র ইনস্টিটিউশনের শিক্ষক ও ‘সুটিয়া প্রতিবাদী মঞ্চের’ প্রতিষ্ঠাতা বরুণ বিশ্বাস। ঘটনার দীর্ঘ সময় পর সিআইডি তদন্ত ও নতুন করে ট্রায়াল শুরুর আবহে এই অভিযোগটি সামনে এল। অভিযোগের প্রেক্ষিতে নিহতের দিদি প্রমীলা বিশ্বাস জানিয়েছেন, এটি তদন্তসাপেক্ষ বিষয়। অন্যদিকে, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এই অভিযোগকে রাজনৈতিক অভিসন্ধিমূলক বলে অভিহিত করে ঘটনার সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *