‘মাওবাদী মুক্ত’ ছত্তিশগড়ে পুরভোটে বড় ধাক্কা, ফিরল কি কংগ্রেসের দিন?
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছত্তিশগড়কে ‘মাওবাদী মুক্ত’ ঘোষণার পরপরই রাজ্যের স্থানীয় নির্বাচনে বিজেপি কিছুটা ধাক্কা খেল। মাওবাদ দমনের সাফল্যকে পুঁজি করে বড় জয়ের প্রত্যাশা থাকলেও, কার্যত নবগঠিত পাঁচটি নগর পঞ্চায়েত ও বিভিন্ন পুরসভার শূন্য ওয়ার্ডের নির্বাচনে কংগ্রেসের সঙ্গে সমানে সমানে টক্কর দিতে হয়েছে রাজ্যটির শাসকদলকে। ১ জুন অনুষ্ঠিত এই নির্বাচনে ৮৪.৫৮ শতাংশ ভোট পড়েছিল।
ভোটের ফলাফলে দেখা গেছে, ৫টি নগর পঞ্চায়েতের মধ্যে ৩টিতে বিজেপি এবং ২টিতে কংগ্রেস জয়ী হয়েছে। জঞ্জগীর-চম্পার বামহনিডি, সুরজপুরের শিবানন্দনপুর এবং কবীরধাম জেলার সাহসপুর-লোহারা পুরসভায় বিজেপি জয়ী হলেও, রাজনন্দগাঁওয়ের ঘুমকা ও বালোড জেলার পালারি পুরসভার চেয়ারপার্সন পদ কংগ্রেসের দখলে গেছে। মোট ৭১টি কাউন্সিলর পদের নির্বাচনে বিজেপি ৩৯টিতে, কংগ্রেস ৩০টিতে এবং নির্দল প্রার্থীরা ২টিতে জয়লাভ করেছেন। লোকসভা নির্বাচনের পর কংগ্রেসের এই পারফরম্যান্স দলটির কর্মী-সমর্থকদের মনোবল বৃদ্ধিতে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে।