উৎসবের আমেজে বিঘ্ন ঘটালে কপালে দুঃখ আছে, যোগীর কড়া হুঁশিয়ারি!
আসন্ন উৎসবের মরশুমের আগে উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার গোন্ডায় একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানিয়েছেন, উৎসবের শান্তি বা আনন্দ নষ্ট করার চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তির বর্তমান ও ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়া হবে। রাজ্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তাঁর সরকার যে বদ্ধপরিকর, তা এই বার্তার মাধ্যমে আরও একবার নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী।
২০১৭ সালের পূর্ববর্তী পরিস্থিতির সমালোচনা করে মুখ্যমন্ত্রী জানান, তৎকালীন সরকার অপরাধীদের কাছে নতিস্বীকার করায় রাজ্যে প্রায়ই কারফিউ জারি থাকত। বিশেষ করে ২০১৫-১৬ সালে গোন্ডায় দুর্গাপূজা ও রামলীলা চলাকালীন অশান্তির কথা উল্লেখ করে তিনি বলেন, আগের মতো ভীতিকর পরিস্থিতি আর ফিরবে না। পাশাপাশি তিনি দাবি করেন, বর্তমানে সরকারি কঠোর পদক্ষেপের ফলেই রাজ্যে অপরাধীরা কোণঠাসা। এছাড়া গোন্ডার যুবসমাজের কর্মসংস্থান ও উন্নয়নের কথা উল্লেখ করে তিনি জানান, ধারাবাহিক নীতি রূপায়ণের ফলে ভিনরাজ্যে গিয়ে রাজ্যবাসীর পরিচয় সংকটের দিন শেষ হয়েছে।