মাসে ৬ হাজার টাকা বেতন, বাড়িতে মিলল ২ কোটি! দুর্নীতিতে তোলপাড় ওড়িশা
ওড়িশার কন্ধমলের বালিগুড়ার সরকারি ইঞ্জিনিয়ার বৈকুণ্ঠনাথ বেহারার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ আয়বহির্ভূত সম্পদের সন্ধান পেয়েছে ভিজিল্যান্স দপ্তর। মাসে মাত্র ছয় হাজার টাকা বেতনের চাকরিতে যোগ দেওয়া এই আধিকারিকের বাড়ি থেকে নগদ দুই কোটি তিন লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। শনিবার ওড়িশা ভিজিল্যান্স দপ্তরের আধিকারিকরা বালিগুড়া, ভুবনেশ্বর, বালেশ্বর ও জাজপুরে একযোগে অভিযান চালিয়ে এই বিপুল অর্থের পাশাপাশি বিলাসবহুল ফ্ল্যাট ও জমির দলিলের হদিশ পান।
১৯৯৯ সালে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরু করা বৈকুণ্ঠনাথ বর্তমানে অ্যাসিসট্যান্ট এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে কর্মরত। তদন্তকারীদের মতে, সরকারি বেতনের সঙ্গে উদ্ধার হওয়া এই বিপুল সম্পদের কোনো সামঞ্জস্য নেই। সম্পত্তির একটি বড় অংশ বেনামে রাখা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। দুর্নীতির উৎস এবং এর পেছনে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন ভিজিল্যান্স দপ্তরের কর্মকর্তারা।