কাশ্মীরে অপারেশন শেরওয়ালি! পাহাড়ের খাঁজে প্রাণ হারালেন সাহসী সেনাকর্তা
জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে ‘অপারেশন শেরওয়ালি’ নামক জঙ্গিদমন অভিযানে অংশ নিতে গিয়ে পাহাড়ি খাদে পড়ে ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট বীরেশ্বর গোস্বামীর মৃত্যু হয়েছে। শনিবার সেনাবাহিনীর তল্লাশি অভিযান চলাকালীন পাহাড়ি এলাকার সংকীর্ণ পথ দিয়ে যাওয়ার সময় ভারসাম্য হারিয়ে তিনি প্রায় ৩০ ফুট গভীর খাদে পড়ে যান। ঘটনার পরপরই উদ্ধারকাজ চালানো হলেও গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কোর।
উল্লেখ্য, গত মে মাসের শুরুতে রাজৌরির গভীর জঙ্গলে জঙ্গিদের উপস্থিতির গোপন তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান শুরু করে সেনাবাহিনী। এলাকাটি ঘন জঙ্গল এবং বন্ধুর ভূপ্রকৃতি হওয়ায় সেখানে তল্লাশি চালানো অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। জঙ্গিরা নিয়মিত অবস্থান পরিবর্তন করায় অভিযান পরিচালনায় প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে সেনাসদস্যদের। বর্তমানে ওই এলাকায় সেনাবাহিনীর তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।