মামলা তুলতে নারাজ তরুণীকে মারধর, কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলর!
কলকাতার কলেজ স্ট্রিটে এক তরুণীকে হেনস্তা ও মারধরের অভিযোগে রবিবার সকালে ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিমুদ্দিনের বাড়ি ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। শনিবার রাতে কলাবাগান এলাকায় ওই তরুণীকে একা পেয়ে কটূক্তি ও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। বর্তমানে ভুক্তভোগী তরুণী মধ্য কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জোড়াসাঁকো থানায় অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং কাউন্সিলর যাতে এলাকা ছাড়তে না পারেন, সে জন্য ভোর থেকেই পুলিশি তৎপরতা চালানো হচ্ছে। ইতিমধ্যেই এই ঘটনায় কাউন্সিলরের ঘনিষ্ঠ একজনকে আটক করেছে পুলিশ।
তদন্তে জানা গেছে, ২০২৩ সালে কাউন্সিলর ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে পকসো আইনে একটি মামলা দায়ের করেছিল নির্যাতিতার পরিবার। অভিযোগ, সেই মামলা তুলে নেওয়ার জন্য গত দীর্ঘ সময় ধরে তরুণীর পরিবারের ওপর প্রবল চাপ সৃষ্টি করা হচ্ছিল। শনিবারের ঘটনার পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে এলাকার বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরাও ভেঙে ফেলা হয়। উল্লেখ্য, এর আগে ‘টক টু মেয়র’ কর্মসূচিতেও জসিমুদ্দিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এ পর্যন্ত তৃণমূলের ৬ জন কাউন্সিলর গ্রেপ্তার হওয়ায় জসিমুদ্দিনের ক্ষেত্রেও পুলিশি পদক্ষেপের সম্ভাবনা জোরালো হচ্ছে।