মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে তলব, অস্বস্তিতে তৃণমূল?

মেসি ইভেন্টের টিকিট কালোবাজারি ও আর্থিক প্রতারণার অভিযোগে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ওপর চাপ বাড়িয়েছে বিধাননগর পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য গত ৪ জুন তাঁকে তলব করা হলেও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি দুই সপ্তাহের সময় চেয়ে আবেদন করেছিলেন। তবে সেই আবেদন খারিজ করে বিধাননগর পুলিশ অরূপ বিশ্বাসকে আজ, সোমবার (৮ জুন) সকাল ১১টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরার নির্দেশ দিয়েছে।

গত ১৭ মে ইভেন্টের আয়োজক শতদ্রু দত্ত প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, প্রায় ২২ হাজার টিকিট কালোবাজারি, চাঁদাবাজি, ভয় দেখানো এবং প্রভাব খাটিয়ে মেসির নিরাপত্তাবেষ্টনী ভেঙে গায়ে হাত তোলার ঘটনা। এই মামলায় অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। ইতিমধ্যে অরূপ বিশ্বাসের আগাম জামিনের আবেদন বারাসাত আদালতে খারিজ হয়ে যাওয়ায় তিনি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন, যেখানে আগামীকাল মঙ্গলবার ৯ জুন শুনানির দিন ধার্য রয়েছে। হাই কোর্টের শুনানির আগেই পুলিশের এই তলব ও হাজিরাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। আইনজ্ঞদের মতে, অরূপ বিশ্বাস হাজিরা না দিলে বা তদন্তে সহযোগিতা না করলে তাঁকে গ্রেপ্তারের আইনি পথ প্রশস্ত হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *