পুরসভার দেড় লক্ষ বালতি চুরি! তারক সিংয়ের মেয়ের বিরুদ্ধে ফুঁসছে বেহালা

কলকাতা পুরসভার বাড়ি বাড়ি বিতরণের জন্য বরাদ্দ প্রায় দেড় লক্ষ নীল-সবুজ বালতি বেহালার রায় বাহাদুর রোডের পাশে একটি পরিত্যক্ত কারখানার জমি থেকে উদ্ধার করা হয়েছে। স্তূপাকারে মজুত অবস্থায় এই সরকারি সামগ্রী উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সরকারি পরিষেবা সাধারণ মানুষের কাছে না পৌঁছে এভাবে ফেলে রাখার ঘটনায় ১১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কৃষ্ণা সিংয়ের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে সাধারণ মানুষ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বেহালা থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এই ঘটনার সাথে তৃণমূল নেতা তথা প্রাক্তন মেয়র পারিষদ তারক সিংয়ের নাম জড়িয়ে পড়ায় রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। অভিযুক্ত কৃষ্ণা সিং তারক সিংয়ের কন্যা। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, ওই জমিটি প্রোমোটিংয়ের জন্য বিক্রির পাশাপাশি পুরসভার ওই লক্ষাধিক বালতি বেআইনিভাবে বিক্রির মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে। বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ এই ঘটনাকে সরকারি সম্পত্তি লুটের নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সরকারি প্রকল্প থেকে সামগ্রী চুরির অভিযোগ শাসকদলের ভাবমূর্তিকে সংকটে ফেলেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *