বিশ্বকাপের আগেই রণক্ষেত্র মেক্সিকো, ফুটবলারদের মূর্তি পুড়িয়ে শিক্ষকদের নজিরবিহীন প্রতিবাদ!

বিশ্বকাপ ফুটবল শুরুর চার দিন আগে তীব্র গণবিক্ষোভের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে অন্যতম আয়োজক দেশ মেক্সিকো। শিক্ষা খাতে অবহেলার অভিযোগ তুলে এবং বিশ্বকাপের পেছনে বিপুল অর্থ ব্যয়ের প্রতিবাদে রাস্তায় নেমেছেন প্রায় ১২ হাজার শিক্ষক। আন্দোলনকারীরা দেশের বিভিন্ন স্থানে স্থাপন করা ফুটবলারদের বিশালাকার মূর্তি উপড়ে ফেলে তাতে আগুন ধরিয়ে দিয়েছেন এবং ‘বিশ্বকাপের বল গড়াতে দেওয়া হবে না’ বলে ঘোষণা দিয়েছেন।

শিক্ষকদের অভিযোগ, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ন্যায্য বেতন ও পেনশন প্রদান করতে ব্যর্থ হয়েছে, অথচ শিক্ষা কাঠামোর উন্নয়ন না করে স্টেডিয়াম নির্মাণ ও ফ্যান জোনের পেছনে প্রচুর অর্থ ব্যয় করছে। পুলিশ টিয়ার গ্যাস ও রবারের বুলেট ব্যবহার করে বিক্ষোভ দমনের চেষ্টা করলে বেশ কয়েকজন শিক্ষক আহত হন এবং একজনের দৃষ্টিশক্তি হারানোর খবর পাওয়া গেছে। তবে প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাম জানিয়েছেন, কোনো চাপের কাছেই সরকার নতি স্বীকার করবে না।

শিক্ষক ছাড়াও পশুপীড়ন বিরোধী সংগঠন এবং নিখোঁজ ব্যক্তিদের পরিবারসহ বিভিন্ন সামাজিক গোষ্ঠী এই বিক্ষোভে শামিল হয়েছে। সরকারের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ায় টুর্নামেন্ট চলাকালীনও বড় ধরনের আন্দোলনের পরিকল্পনা রয়েছে তাদের। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ইভেন্টটির নিরাপত্তা ও ভাবমূর্তি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। খেলা নির্বিঘ্নে সম্পন্ন করতে মেক্সিকো সরকার স্টেডিয়াম ও এর আশপাশের এলাকায় বিপুল পুলিশ বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *