আদর্শ নেতা গড়তে মরিয়া বঙ্গ বিজেপি, চলছে মেগা পার্টি ক্লাস!

রাজ্যে দলের ভিত্তি মজবুত করা এবং আদর্শবান নেতা গড়ে তোলার লক্ষ্যে অভিনব ‘পার্টি ক্লাস’ কর্মসূচি শুরু করল বঙ্গ বিজেপি। রবিবার কলকাতার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে দলের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক সুনীল বনশল ও রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান’-এর সূচনা হয়। এই বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে দলের নেতা-কর্মীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, জনসংযোগের কৌশল এবং আদর্শগত বিষয় সম্পর্কে শিক্ষিত করে তোলা হবে।

রাজ্য থেকে শুরু করে বিভাগ, জেলা এবং মণ্ডল স্তরে এই কর্মসূচি পরিচালিত হবে। আগামী জুলাই মাস পর্যন্ত রাজ্যের ৪৩টি সাংগঠনিক জেলার প্রায় এক হাজার মণ্ডলে চলবে এই প্রশিক্ষণ ক্লাস। আরএসএস-এর ধাঁচে ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টার প্রতিটি ক্লাসে দলের ইতিহাস, বিচারধারা, জনকল্যাণমুখী প্রকল্প এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, দীনদয়াল উপাধ্যায় ও অটলবিহারী বাজপেয়ির মতো নেতাদের জীবনী নিয়ে আলোচনা করা হবে। দলীয় আদর্শ এবং জনমুখী আচরণের ওপর জোর দিয়ে নেতা-কর্মীদের নীতিগত ভিত্তি মজবুত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *