অশোধিত তেলের দামে আগুন: বিশ্বজুড়ে চরম অস্থিরতা!
লেবাননে ইজরায়েলের নতুন করে সামরিক অভিযান শুরুর প্রতিক্রিয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। সোমবার আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা বিশ্ব অর্থনীতিতে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। এ দিন লেনদেনের সময় ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৩.৮২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৬.৬৫ ডলারে এবং ইউএস ক্রুডের দাম ৪.২৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৪.৪০ ডলারে দাঁড়িয়েছে।
পশ্চিম এশিয়ার এই সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি ও পরিবহণ বিঘ্নিত হওয়ার সম্ভাব্য ঝুঁকির ফলে আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের মধ্যে অস্থিরতা বেড়েছে। এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকলে তেল আমদানিনির্ভর দেশগুলোতে মূল্যস্ফীতির চাপ বৃদ্ধি পাওয়া এবং পরিবহণ ও শিল্প উৎপাদন খরচ বেড়ে যাওয়ার ঝুঁকি দেখছেন সংশ্লিষ্টরা, যা বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ধীর করতে পারে।