অন্যের চিত্রনাট্যে ‘ভালো তৃণমূল’ সাজার চেষ্টা, বিস্ফোরক কুণাল ঘোষের পোস্টে তোলপাড় বঙ্গ রাজনীতি!
নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে শাসকদল তৃণমূল কংগ্রেসের অন্দরে ক্রমবর্ধমান ক্ষোভ ও দলবদলের জল্পনার মধ্যেই বিস্ফোরক মন্তব্য করলেন বিধায়ক কুণাল ঘোষ। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়সহ একাধিক নেতার সাম্প্রতিক অবস্থানের তীব্র সমালোচনা করেছেন। কুণাল ঘোষের অভিযোগ, দলের প্রতিকূল সময়ে যারা দল ছাড়ছেন বা বিশ্রামের কথা বলছেন, তারা আসলে বিরোধী শক্তির মদতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলের প্রতীক ও স্বীকৃতি ছিনিয়ে নেওয়ার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। এটিকে তিনি দল ও দলনেত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছেন।
সামাজিক মাধ্যমে নিজের দশ দফা প্রশ্নে কুণাল ঘোষ জানতে চেয়েছেন, নির্বাচনের ফলাফলের পরই কেন হঠাৎ ওই নেতাদের ‘বিবেক’ জাগ্রত হলো এবং তৃণমূলের প্রতীকে লড়াই করার সময় কেন তাদের এসব মনে হয়নি। নিজের ব্যক্তিগত অভিমানের কথা স্বীকার করলেও, এই কঠিন সময়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকার বার্তা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতির ফলে তৃণমূলের অন্দরে অনুগত ও বির্তকিত নেতাদের মধ্যে মেরুকরণ স্পষ্ট হচ্ছে, যা আগামী দিনে রাজ্যের রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলতে পারে।