বিশ্বমঞ্চে অনন্য গৌরব! বিশ্বের সেরা ৫% বিজ্ঞানীর তালিকায় পিজির প্রাক্তন অধ্যাপক সতীনাথ মুখোপাধ্যায়
বিশ্বের শীর্ষ ৫ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান করে নিলেন কলকাতার এসএসকেএম হাসপাতালের এন্ডোক্রিনোলজি বিভাগের প্রাক্তন অধ্যাপক ও বিভাগীয় প্রধান চিকিৎসক সতীনাথ মুখোপাধ্যায়। আন্তর্জাতিক গবেষণা মূল্যায়ন সংস্থা ‘সাই-র্যাঙ্ক গ্লোবাল ২০২৫’-এর গ্লোবাল রেজিস্ট্রিতে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গবেষণাপত্রের প্রভাব, আন্তর্জাতিক স্তরে উদ্ধৃতির হার এবং বিভিন্ন বিজ্ঞানসম্মত সূচকের ওপর ভিত্তি করে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। সংস্থাটির তথ্যানুযায়ী, বিশ্বস্তরে তাঁর সামগ্রিক র্যাঙ্ক ১৪,২৯৩।
প্রতি বছর প্রকাশিত এই তালিকায় বিজ্ঞানীদের কাজের প্রভাব ও গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দেওয়া হয়। আধুনিক চিকিৎসাবিজ্ঞানের ক্ষেত্রে ড. মুখোপাধ্যায়ের দীর্ঘদিনের গবেষণালব্ধ অবদান এবং আন্তর্জাতিক মহলে তাঁর কাজের স্বীকৃতির ভিত্তিতেই এই সাফল্য অর্জিত হয়েছে। সরকারি হাসপাতালের ব্যস্ততার মধ্যেও তাঁর এই গবেষণামূলক সাফল্য রাজ্যের চিকিৎসা-শিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতাকে বিশ্বমঞ্চে তুলে ধরেছে, যা আগামী দিনে নতুন প্রজন্মের গবেষকদের অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।