ছদ্মবেশে মাঝরাতে রেড, মধুচক্রের পর্দাফাঁস করলেন ‘লেডি সিংঘম’ রিতী রাজ!
হায়দরাবাদের কুকাটপল্লীর ‘কিংস অ্যান্ড কুইন্স পাব’-এ রবিবার ভোরে আকস্মিক অভিযান চালিয়ে একটি মধুচক্র ও অপরাধমূলক কর্মকাণ্ডের পর্দাফাঁস করেছে পুলিশ। ২০১৮ ব্যাচের তেলঙ্গনা ক্যাডারের আইপিএস অফিসার তথা কুকাটপল্লীর ডিসিপি রিতী রাজের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে পাব থেকে চার নারী ও পাঁচ পুরুষ কর্মীসহ মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। ছদ্মবেশে পুরো বিষয়টি পর্যবেক্ষণ ও নিশ্চিত হওয়ার পরই বিশেষ দল নিয়ে এই অভিযানে অংশ নেন ডিসিপি রিতী রাজ।
পুলিশের তদন্ত অনুযায়ী, পাবটিতে নিয়মবহির্ভূতভাবে গভীর রাত পর্যন্ত কার্যক্রম চালানো, নাবালকদের প্রবেশাধিকার দেওয়া এবং পুলিশের কোনো এনওসি ছাড়াই ব্যবসা পরিচালনার মতো গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া নারীদের ব্যবহার করে গ্রাহকদের প্রলুব্ধ করা, জোর করে মোটা অঙ্কের বিল আদায় এবং দেহব্যবসার মতো অনৈতিক কার্যকলাপের অভিযোগও উঠে এসেছে। ধৃতদের কেপিএইচবি থানায় নিয়ে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগে ২০২৫ সালেও পাবটির বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছিল, তবুও বেআইনি কর্মকাণ্ড বন্ধ হয়নি। এই সফল অভিযানের পর ওই এলাকায় অন্য বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর ওপর পুলিশের নজরদারি আরও কঠোর করা হয়েছে।