মমতার দগদগে ঘায়ে হাত, বাংলায় অস্তিত্ব ফেরাতে মরিয়া কংগ্রেস!
দিল্লিতে বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকের আবহে পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতিতে নতুন কৌশল গ্রহণ করেছে কংগ্রেস। প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলেও, কোচবিহারের ‘মেখলিগঞ্জ মডেল’কে হাতিয়ার করে তৃণমূলের নীচুতলার পরিচ্ছন্ন ও নিষ্ক্রিয় কর্মীবাহিনীকে দলে টানার পরিকল্পনা করছে হাত-শিবির। মেখলিগঞ্জ পুরসভায় সাফল্যের পর কংগ্রেস নেতৃত্ব এখন রাজ্যজুড়ে এই মডেল প্রয়োগের মাধ্যমে তৃণমূলের সাংগঠনিক ভিত আলগা করতে চাইছে।
দলের অভ্যন্তরীণ সূত্র অনুযায়ী, কোনো বিধায়ক বা সাংসদের পরিবর্তে তৃণমূলের একেবারে তৃণমূল স্তরের নেতা-কর্মীদের নিশানা করছে কংগ্রেস। মূলত দলের পুরনো কর্মীদের ঘরে ফেরানোই এই কৌশলের অন্যতম লক্ষ্য। একইসঙ্গে, লোকাল স্তরে তৃণমূলের শক্ত ঘাঁটি দুর্বল করতে হকার উচ্ছেদসহ রাজ্য সরকারের বিভিন্ন জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস। জাতীয় স্তরে জোটের সমীকরণ অটুট রেখে রাজ্য রাজনীতিতে তৃণমূলকে এই ‘ঘর ভাঙার’ কৌশলের মাধ্যমে চাপে রাখাই এখন কংগ্রেসের মূল রাজনৈতিক লক্ষ্য।