বিকৃত ভিডিওর জেরে প্রাণহানির আশঙ্কা, হাইকোর্টের দ্বারস্থ দীপ্সিতা!

সমাজমাধ্যমে নিজের বক্তব্য ও সভার ভিডিও প্রযুক্তির সাহায্যে বিকৃত করে প্রচার করার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সিপিএম নেত্রী দীপ্সিতা ধর। তাঁর অভিযোগ, এ ধরনের বিদ্বেষমূলক অপপ্রচারের ফলে জনমানসে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং তিনি শারীরিক আক্রমণের আশঙ্কার মধ্যে রয়েছেন। এই পরিস্থিতিতে আইনি সুরক্ষা ও প্রয়োজনীয় পদক্ষেপের দাবিতে দীপ্সিতার আইনজীবী বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলা করার অনুমতি চেয়ে আবেদন জানিয়েছেন।

দীপ্সিতা ধরের দাবি, বিষয়টি নিয়ে স্থানীয় থানায় অভিযোগ জানালেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিশেষ করে তাঁর ছবি সম্বলিত পোস্টারে আগুন দেওয়ার ঘটনার পর থেকে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরো বেড়েছে। নির্বাচনে সক্রিয় থাকা এই নেত্রীর অভিযোগ, পরিকল্পিত অপপ্রচারের মাধ্যমে যে হিংসাত্মক পরিবেশ তৈরি করা হচ্ছে, তা তাঁর ব্যক্তিগত নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই ডিজিটাল মাধ্যমে অবাধে ছড়িয়ে পড়া এসব বিকৃত কনটেন্টের বিরুদ্ধে তিনি আদালতের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *