যাদবপুরে হকার উচ্ছেদ নিয়ে রণক্ষেত্র পরিস্থিতি, ক্ষোভে ফুঁসছেন ঊষসী!

যাদবপুর স্টেশন চত্বরে বেআইনি দোকানপাট ও স্থায়ী-অস্থায়ী নির্মাণ উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হলো এলাকা। রেলের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে স্থানীয় হকার ও বাসিন্দারা প্রতিরোধ গড়ে তুললে পুলিশের সঙ্গে তাদের ব্যাপক ধস্তাধস্তি ও সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে নাট্যকর্মী জয়রাজ ভট্টাচার্যসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। এ ঘটনায় বাম নেতা সৃজন ভট্টাচার্যসহ একাধিক আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ। রেল কর্তৃপক্ষের দাবি, স্টেশন চত্বর দখলমুক্ত ও যাতায়াতের উপযোগী করার লক্ষ্যেই এই অভিযান চালানো হয়েছে।

পর্যাপ্ত পুনর্বাসন বা পূর্বনোটিশ ছাড়া এই উচ্ছেদ অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। গভীর রাতে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লেখেন, হকারদের বিকল্প জীবিকার ব্যবস্থা না করে এভাবে উচ্ছেদ মানবিক নয়। এদিকে, পুনর্বাসনহীন উচ্ছেদ নিয়ে নাগরিক সমাজে মতভেদ তৈরি হয়েছে। একদিকে অনেকেই প্রান্তিক মানুষের বেঁচে থাকার অধিকারের প্রশ্নে সোচ্চার হয়েছেন, অন্যদিকে শহরের আধুনিকীকরণের স্বার্থে প্রশাসনের এই পদক্ষেপকে সমর্থনও করছেন অনেকে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *