টাকা ঢুকলেই উধাও! উত্তাল ধুলিয়ানে কাউন্সিলরের বাড়ি ঘিরে গণবিদ্রোহ
আবাস যোজনায় দুর্নীতি ও কাটমানি আদায়ের অভিযোগে মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। রবিবার ১৬ নম্বর ওয়ার্ডের ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার সকালে ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুষমা সরকার এবং তাঁর স্বামী তৃণমূল নেতা দিলীপ সরকারের বাড়ি ঘিরে নজিরবিহীন বিক্ষোভ দেখান স্থানীয়রা। লাঠি, ঝাঁটা ও জুতো হাতে নিয়ে ক্ষুব্ধ জনতা কাউন্সিলর দম্পতির বিরুদ্ধে ‘চোর’ স্লোগান তুলে তাঁদের বাড়ি অবরুদ্ধ করে ফেলেন।
বিক্ষুব্ধ বাসিন্দাদের অভিযোগ, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এই কাউন্সিলর দম্পতি গরিব মানুষের ব্যাঙ্ক পাসবুক, এটিএম কার্ড ও চেকবুক নিজেদের জিম্মায় কুক্ষিগত করে রেখেছেন। এলাকাবাসীর দাবি, উপভোক্তাদের অ্যাকাউন্টে সরকারি টাকা ঢুকলে তা বেআইনিভাবে তুলে নেওয়ার ছক কষেছিলেন অভিযুক্তরা। এর আগে রবিবার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ি থেকে পুলিশ প্রচুর পরিমাণে উপভোক্তাদের নথিপত্র উদ্ধার করে তাঁকে গ্রেফতার করে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।