যাদবপুরে হকার উচ্ছেদ কাণ্ড, জামিন পেয়েই কী বললেন সৃজনরা?

রবিবার গভীর রাতে যাদবপুর স্টেশন চত্বরে রেলের আচমকা উচ্ছেদ অভিযানে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুলডোজার দিয়ে একাধিক অস্থায়ী দোকান ও বেআইনি নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দেয় প্রশাসন। জবরদখল মুক্ত করার লক্ষ্যে এই অভিযান চালানো হলেও, পুনর্বাসন ছাড়া উচ্ছেদের প্রতিবাদে সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য-সহ পাঁচ জনকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার আলিপুর পুলিশ কোর্টে ধৃতদের শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করা হয়েছে।
বাম ও কংগ্রেস নেতৃত্বের দাবি, ১৯৮৮ সালের আদালতের নির্দেশ অনুযায়ী পুনর্বাসন বা কমার্শিয়াল প্লট ছাড়া এই উচ্ছেদ সম্পূর্ণ বেআইনি। অভিযোগ, রেল প্রশাসনের সঙ্গে আলোচনার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও আদালতের সময়সীমা শেষ হওয়ার আগেই আচমকা এই অভিযান চালানো হয়। উচ্ছেদ রুখতে গিয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে এবং নাট্যকর্মী জয়রাজ ভট্টাচার্য-সহ বেশ কয়েকজন জখম হন। আদালতে জামিন পাওয়ার পর ধৃতদের তদন্ত প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী ৩ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।