কড়া নিরাপত্তায় আদালতে ফলতার ‘পুষ্পা’, উত্তাল গোটা এলাকা!
ফলতায় ভাঙচুর ও জনরোষ: গ্রেফতার হয়ে ডায়মন্ড হারবার আদালতে জাহাঙ্গির খান
সোমবার ভারত-নেপাল সীমান্ত লাগোয়া জলট্যাঙ্কি এলাকা থেকে রাজ্য পুলিশের এসটিএফ-এর হাতে গ্রেফতার হওয়ার পর, মঙ্গলবার ভোর সাড়ে ৪টে নাগাদ কড়া পুলিশি ও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় বিতর্কিত তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে আনা হয়। সম্ভাব্য জনরোষ এড়াতে নির্ধারিত সময়ের আগেই তাকে আদালতের লকআপে নিয়ে আসা হয়। ডায়মন্ড হারবারে জাহাঙ্গিরের বিরুদ্ধে থাকা মোট ১১টি মামলার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং আপাতত একটি মামলায় গ্রেফতার দেখিয়ে বাকিগুলোতে তাকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
জাহাঙ্গিরের গ্রেফতারের খবর জানাজানি হতেই সোমবার ফলতার শ্রীরামপুরে তার বাড়ি, গাড়ি ও দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালান স্থানীয়রা। তার কার্যালয় থেকে মদের বোতল, ত্রাণসামগ্রী এবং স্বাস্থ্য শিবিরের জন্য বরাদ্দ বিপুল পরিমাণ চশমার খাম উদ্ধার হয়েছে বলে অভিযোগ। সরকারি সম্পদ প্রকৃত প্রাপকদের না দিয়ে ব্যক্তিগত কার্যালয়ে মজুত রাখা, তোলাবাজি, হুমকি ও এলাকা দখলের মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত জাহাঙ্গির জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ও ফলতা বিধানসভার তৃণমূল প্রার্থী ছিলেন। তার গ্রেফতারের ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হওয়ায় প্রশাসন কঠোর অবস্থানে থেকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছে।