বিশ্বকাপের মঞ্চে ১৬৮ শিশুর রক্তঝরা স্মৃতি! মার্কিন হানার প্রতিবাদে উত্তাল ইরান দল
ফুটবল বিশ্বকাপের মঞ্চে ১৬৮ জন শিশুর স্মৃতি বহন করে প্রতীকী প্রতিবাদ জানানোয় নতুন বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে ইরান। মেক্সিকোতে পৌঁছানোর পর ইরান দলের কোচ আমির ঘালেনোই অভিযোগ করেছেন যে, মার্কিন প্রশাসন ভিসা জটিলতা তৈরি করে ইরানের এক ডজন ফুটবল কর্মকর্তাকে আটকা রেখেছে। খেলোয়াড়দের প্রস্তুতির সময় কমিয়ে দেওয়া এবং প্রতিকূল পরিস্থিতির জন্য তিনি সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকেই দায়ী করেছেন।
ইরানি ফুটবলারদের পোশাকে থাকা ১৬৮ সংখ্যাটি মূলত গত ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের মিনাবে একটি প্রাথমিক স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৬৮ জনের স্মরণে ব্যবহৃত হচ্ছে, যাদের অধিকাংশই শিশু ছিল। ইরান সরকারের দাবি, এই হামলার নেপথ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল জড়িত। এর আগেও তুরস্কের প্রস্তুতি ম্যাচে গোলাপি-বেগুনি ব্যাকপ্যাকের মাধ্যমে প্রতিবাদ জানানো ইরানি ফুটবলাররা এবার সোনালি পিনের মাধ্যমে বিশ্বকাপের আঙিনায় সেই প্রতিবাদের বিষয়টি তুলে ধরেছেন। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র বা ইজরায়েল এই হামলার দায় স্বীকার করেনি, তবে খেলার মাঠে ভূ-রাজনীতির এই ছায়া সামগ্রিক পরিবেশকে কেন্দ্র করে সংশ্লিষ্ট মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।