পিওকে-তে সেনাপ্রধানকে ‘সন্ত্রাসী’ স্লোগান, উত্তাল পাকিস্তান অধিকৃত কাশ্মীর!

পাকিস্তান-অধিকৃত জম্মু-কাশ্মীরে (পিওকে) আজ ৯ জুন সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়েছে। জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির (জেএএসি) আহবানে ‘লং মার্চ টু মুজাফফারাবাদ’ কর্মসূচিকে কেন্দ্র করে রাওয়ালকোটসহ পুরো অঞ্চল উত্তপ্ত হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে রাজপথে নেমে এসেছেন এবং পিওকের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে রয়েছে পাকিস্তান সেনাপ্রধান জেনারেল আসিম মুনির ও গোয়েন্দা সংস্থা আইএসআই-এর ভূমিকা। আন্দোলনকারীরা ‘আসিম মুনির একজন সন্ত্রাসী’ স্লোগান তুলে স্থানীয় মসজিদ থেকে মাইকিংয়ের মাধ্যমে জনগণকে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। স্থানীয় রাজনৈতিক অধিকার, প্রশাসনিক স্বায়ত্তশাসন ও অর্থনৈতিক বঞ্চনার প্রতিবাদে এই আন্দোলন শুরু হলেও, বর্তমানে তা পাকিস্তান সেনাবাহিনীর আধিপত্যবিরোধী জনরোষে রূপ নিয়েছে। জেএএসি নেতাদের ভাষ্যমতে, সরকার বলপ্রয়োগ ও নির্যাতনের মাধ্যমে কণ্ঠস্বর দমনের চেষ্টা করলেও তারা মাথা নত করতে নারাজ। বর্তমানে পুরো অঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং ব্যাপক হারে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *