তৃণমূলের অন্দরে তোলপাড়, মমতা-অভিষেকের ঠিকানায় সিআইডির হানা!
বিধানসভায় বিরোধী দলনেতার নিয়োগ সংক্রান্ত একটি ভুয়ো স্বাক্ষর মামলার তদন্তে নেমে মঙ্গলবার রাজ্যের একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়েছে সিআইডি। তদন্তের অংশ হিসেবে তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ও বাসভবনে অভিযান চালানো হয়। তল্লাশির সময় মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরে রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানো নোটিশের জবাবে তিনি জানিয়েছিলেন যে বিধায়কদের স্বাক্ষর দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংগ্রহ করা হয়েছিল, সেই তথ্যের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সিআইডি সূত্রে জানানো হয়েছে।
গত ২৭ মে তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা অভিযোগ করেন যে, ৬ মে বিরোধী দলনেতার নির্বাচন নিয়ে কোনো প্রস্তাব পাস না হলেও নথিতে তা দেখানো হয়েছে। বিধায়কদের দাবি, তাঁরা ১৯ মে স্বাক্ষর করলেও নথিতে তারিখ উল্লেখ রয়েছে ৬ মে এবং এতে থাকা ৭০টি স্বাক্ষরের মধ্যে ১৪টি স্বাক্ষর নিয়ে সন্দেহ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে সিআইডি এবং ওই দুই বিধায়ককে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে বহিষ্কার করে তৃণমূল। অভিযানের প্রেক্ষিতে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও নেতা কুণাল ঘোষ একে প্রতিহিংসামূলক রাজনৈতিক পদক্ষেপ হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন।