৪৭ বছর পর লাক্ষাদ্বীপে মিলবে মদ, সরকারি সিদ্ধান্তে তোলপাড়!
ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপে গত ৪৭ বছর ধরে বহাল থাকা মদের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কেন্দ্র সরকার। ১৯৭৯ সাল থেকে এই মুসলিম-অধ্যুষিত দ্বীপে মদ্যপান ও বিক্রি আইনত নিষিদ্ধ থাকলেও, নতুন ‘লাক্ষাদ্বীপ আবগারি রেগুলেশন ২০২৬’-এর মাধ্যমে সেখানে নিয়ন্ত্রিত উপায়ে মদ বিক্রির পথ প্রশস্ত করা হয়েছে। এই নতুন নিয়মের আওতায় মদের উৎপাদন, সংরক্ষণ, আমদানি-রপ্তানি ও বিক্রির জন্য একটি যথাযথ লাইসেন্সিং কাঠামো প্রবর্তন করা হয়েছে, যার নিয়ন্ত্রণের দায়িত্ব থাকবে সরকারি কর্পোরেশন ও লাইসেন্সপ্রাপ্ত এজেন্সির ওপর।
এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো লাক্ষাদ্বীপের পর্যটন শিল্পের বিকাশ ও অর্থনৈতিক উন্নয়ন। মালদ্বীপের মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোকে টেক্কা দিতে এবং বিশ্বমানের রিসোর্ট ও হোটেল ব্যবসায় বিনিয়োগ আকর্ষণের উদ্দেশ্যে সরকার এই পদক্ষেপ নিয়েছে। প্রশাসন স্পষ্ট করেছে যে, সাধারণ দোকানে যত্রতত্র মদ পাওয়া যাবে না এবং স্থানীয় জনবসতির ওপর নেতিবাচক প্রভাব এড়াতে কঠোর নিয়ম ও নির্দেশিকা মেনে এটি পরিচালিত হবে। এর আগে শুধুমাত্র বাঙ্গারাম দ্বীপের নির্দিষ্ট কিছু সরকারি রিসোর্টে পর্যটকদের জন্য মদের অনুমতি ছিল, তবে এখন নতুন এই রেগুলেশনের মাধ্যমে এর পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।