অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা মেলেনি কেন? বিডিও অফিসে মহিলাদের চরম বিক্ষোভ!

সরকারি প্রকল্পের সুবিধা না পাওয়ার অভিযোগে গড়বেতায় বিডিও অফিসে বিক্ষোভ

গড়বেতা ৩ নম্বর ব্লকের বিডিও অফিসে সরকারি প্রকল্পের সুবিধা না পাওয়ার অভিযোগে মঙ্গলবার সকালে ব্যাপক বিক্ষোভ দেখালেন স্থানীয় মহিলারা। মূলত ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের টাকা না পাওয়ার প্রতিবাদে এই বিক্ষোভের সূত্রপাত হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, গত ৩১ মে অফলাইনে ফর্ম জমা দিলেও দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরেও তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি। পাশাপাশি, আবেদন না করা বা ফর্ম জমা না দেওয়া সত্ত্বেও অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে তাঁরা বৈষম্য ও দুর্নীতির অভিযোগ তুলেছেন।

বিক্ষোভের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিডিও দীপাঞ্জন ভট্টাচার্য আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেন। তিনি জানান, অত্যধিক সংখ্যক আবেদনের তথ্য যাচাই এবং সার্ভারের সমস্যার কারণে কিছুটা সময় লাগছে। তবে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে বিডিও জানিয়েছেন, আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যেই যোগ্য আবেদনকারীরা সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন। প্রশাসনের আশ্বাসের পর বিক্ষোভ নিয়ন্ত্রণে এলেও এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *