স্ত্রী নিজেও লাখপতি, তবুও ১.৩৫ লাখ খোরপোশ! ডিভোর্সের এই রায় নিয়ে কেন তোলপাড় নেটদুনিয়া?

পুনের এক দম্পতির বিবাহবিচ্ছেদের মামলায় কর্মরতা স্ত্রীকে প্রতি মাসে ১.৩৫ লাখ টাকা খোরপোশ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত, যা বর্তমানে দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। বিয়ের মাত্র ছয় মাসের মাথায় মতপার্থক্যের জেরে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন ওই দম্পতি। আদালতে পেশ করা নথি অনুযায়ী, স্বামীর মাসিক আয় ২,৭৯,৪৯৯ টাকা এবং স্ত্রীর মাসিক আয় ১,৪১,৪৩৬ টাকা। নিজেদের বৈবাহিক জীবনযাত্রার মান বজায় রাখার যুক্তিতে স্ত্রী এই খোরপোশের দাবি জানিয়েছিলেন।
এই রায়ের ফলে স্ত্রী এখন নিজের বেতন ও খোরপোশ মিলিয়ে প্রতি মাসে ২,৭৬,৪৩৬ টাকা পাচ্ছেন, যেখানে স্বামীর হাতে থাকছে ১,৪৪,৪৯৯ টাকা। আয়কর নীতি অনুযায়ী, খোরপোশের অর্থ ‘ব্যক্তিগত খরচ’ হিসেবে বিবেচিত হওয়ায় স্বামী তার পুরো বেতনের ওপর কর প্রদান করতে বাধ্য হচ্ছেন, অথচ হাতে থাকা অর্থের পরিমাণ কার্যত স্ত্রীর সমান হয়ে দাঁড়িয়েছে। বিচ্ছেদের অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ খোরপোশের এই নির্দেশ এবং আর্থিকভাবে স্বাবলম্বী থাকা সত্ত্বেও খোরপোশ পাওয়ার বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।