চটি দিয়ে মারের প্রতিশোধ! জনসমক্ষে অপমানের বদলা নিতে তরুণীকে পিটিয়ে খুন বৃদ্ধের

তামিলনাড়ুর কুদ্দালোর জেলার অন্নামালাই নগরে ভরা রাস্তায় এক তরুণীকে নৃশংসভাবে পিটিয়ে খুনের অভিযোগ উঠল মহেন্দ্রন (৬৫) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। মৃতার নাম কামাক্ষী (২৮)। মঙ্গলবার সকালে কামাক্ষী যখন বাড়ির সামনে আলপনা দিচ্ছিলেন, সেই সময় অভিযুক্ত আচমকাই সেখানে হাজির হয়ে লোহার পাইপ দিয়ে তাঁর মাথায় সজোরে আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তরুণীর। কামাক্ষীকে বাঁচাতে গিয়ে তাঁর বাবা পাণ্ডুরঙ্গনও অভিযুক্তের হাতে মারধরের শিকার হন। ঘটনার পরই অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে গেলেও পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশি তদন্তে জানা গেছে, অভিযুক্ত মহেন্দ্রন পেশায় সুদের কারবারি এবং আগে কামাক্ষীকে আর্থিক সহায়তা করেছিল। পরবর্তীতে মহেন্দ্রন তাঁদের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলে এলাকায় মিথ্যা অপপ্রচার চালায়। সেই অপবাদ জানতে পেরে ক্ষুব্ধ কামাক্ষী জনসমক্ষে ওই বৃদ্ধকে চটি দিয়ে মারধর করেন এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে রাখেন। কামাক্ষী সেই ভিডিওটি মহেন্দ্রনের আত্মীয়দের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। এই অপমানের প্রতিশোধ নিতেই মহেন্দ্রন লোহার পাইপ দিয়ে পিটিয়ে কামাক্ষীকে খুনের ছক কষেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *