বর্ষার অপেক্ষায় চাতক দক্ষিণবঙ্গ, কবে মিলবে ভ্যাপসা গরম থেকে মুক্তি?

উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে আপাতত অস্বস্তিকর আবহাওয়া অব্যাহত থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, মৌসুমী বায়ু বাংলায় প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হলেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরম ও প্যাচপেচে ঘামের দাপট বজায় রয়েছে। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও আর্দ্রতাজনিত চরম অস্বস্তি থেকে এখনই রেহাই পাওয়ার সম্ভাবনা কম।
বর্ষা আনুষ্ঠানিকভাবে দক্ষিণবঙ্গে পৌঁছানোর আগে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় প্রাক-বর্ষার বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি অন্যান্য জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গে আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বর্তমানে সিকিম, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি ও দার্জিলিংয়ের একাংশে মৌসুমী বায়ু প্রবেশ করেছে এবং ধীরে ধীরে তা রাজ্যের সব জেলাতেই ছড়িয়ে পড়বে।