আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, প্রাণ গেল ১১ শিশুসহ ১৩ জনের!

আফগানিস্তানের খোস্ত, কুনার ও পাকতিকা প্রদেশে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান বিমানবাহিনীর ভয়াবহ হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ শিশু ও এক নারী রয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও অন্তত ১৪ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার তালিবান সরকারের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

তালিবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এই হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে অভিহিত করে জানিয়েছেন, সাধারণ মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, তখনই এ অভিযান চালানো হয়। পাকিস্তান দৃশ্যত কোনো আনুষ্ঠানিক মন্তব্য না করলেও দীর্ঘ সময় ধরে ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের মাটি ব্যবহার করে সীমান্ত এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। সেই অভিযোগের প্রেক্ষিতে টিটিপির আস্তানা ধ্বংসের অজুহাতে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গত ফেব্রুয়ারি মাস থেকেই আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত এলাকা ডুরান্ড লাইনে অস্থিরতা চরম আকার ধারণ করেছে। এর আগে ২১ ফেব্রুয়ারিও পাক বাহিনীর বোমাবর্ষণে ব্যাপক প্রাণহানি এবং ঘরবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংসের অভিযোগ তুলেছিল তালিবান প্রশাসন। বর্তমান এ পরিস্থিতির ফলে দুই দেশের মধ্যে সামরিক সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *