রাস্তায় নোংরা করলেই গুনতে হবে ৫০০ টাকা জরিমানা!

শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে কঠোর অবস্থান নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল জানিয়েছেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে রাস্তাঘাট নোংরা করা এবং প্রকাশ্যে অস্বাস্থ্যকর অভ্যাস রোধে নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে। এর আওতায় প্রকাশ্য স্থানে থুতু ফেলা বা প্রস্রাব করার মতো অপরাধের জন্য ন্যূনতম ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হবে। তবে জনসাধারণকে অভ্যাস পরিবর্তনের সুযোগ দিতে সরকার আগামী তিন মাস সময় বেঁধে দিয়েছে।
পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ১০টি পুরসভায় পাইলট প্রজেক্ট হিসেবে ‘স্বচ্ছ অ্যাপ’ চালু করা হচ্ছে এবং প্রতি ১০০ মিটার দূরত্বে ডাস্টবিন বসানো ও প্রতিটি বাসে ওয়েস্ট ব্যাগ রাখা বাধ্যতামূলক করা হচ্ছে। এছাড়া নিয়মিত রাস্তা পরিষ্কারের জন্য ‘নির্মল বন্ধু’ নিয়োগ করা হয়েছে। যানজট নিরসনে মন্ত্রী টোটোচালকদের জন্য প্রতিটি এলাকায় নির্দিষ্ট স্ট্যান্ড তৈরির নির্দেশ দিয়েছেন। স্ট্যান্ড থেকে নিয়ম মেনে যাত্রী তোলার নির্দেশ দিয়ে তিনি জানিয়েছেন, মানুষের জীবিকায় বাধা না দিয়ে শহরের যান চলাচল ও জনজীবনকে সুশৃঙ্খল করাই সরকারের মূল লক্ষ্য।