রাষ্ট্রসংঘে বড় জয় ভারতের, নিষিদ্ধ হলো না বালোচ লিবারেশন আর্মি!
স্বাধীন বালোচিস্তানের দাবিতে আন্দোলনরত ‘বালোচ লিবারেশন আর্মি’ (বিএলএ) এবং ‘মজিদ ব্রিগেড’-কে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ করার জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তান ও চিনের উত্থাপিত যৌথ প্রস্তাব বাতিল হয়েছে। আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের ভেটোর ফলে এই প্রস্তাব নাকচ হয়ে যায়। আল-কায়দা বা আইএসআইএস-এর মতো বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে এই বালোচ সংগঠনগুলোর প্রত্যক্ষ যোগাযোগের পর্যাপ্ত তথ্যপ্রমাণ না থাকায় নিরাপত্তা পরিষদের এই তিন স্থায়ী সদস্য দেশ প্রস্তাবটির বিপক্ষে অবস্থান নেয়।
গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তান ও চিন যৌথভাবে এই প্রস্তাবটি উত্থাপন করেছিল। তাদের অভিযোগ ছিল, বিএলএ ও মজিদ ব্রিগেড আফগানিস্তানের মাটি ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। দীর্ঘদিনের অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য এবং খনিজ সমৃদ্ধ বালোচিস্তানের সম্পদ লুণ্ঠনের অভিযোগ থেকেই এই অঞ্চলে সংঘাতের সৃষ্টি হয়েছে। বিশেষত ‘চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর’ (সিপিসি) প্রকল্প শুরুর পর থেকে স্থানীয়দের ওপর নির্যাতন ও দারিদ্র্য বৃদ্ধির অভিযোগে বালোচ যোদ্ধারা সরব হয়েছে। রাষ্ট্রসংঘের এই সিদ্ধান্তের ফলে বালোচ আন্দোলনকে আন্তর্জাতিকভাবে স্রেফ ‘সন্ত্রাসবাদ’ হিসেবে দেগে দেওয়ার পাকিস্তানি চেষ্টা আপাতত ব্যর্থ হলো।