জলপাইগুড়িতে তৃণমূলের ইউনিয়ন রুমে মদের বোতল আর সিরিঞ্জ, তুঙ্গে বিতর্ক!
জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজে দীর্ঘ দিন বন্ধ থাকা তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন রুম খোলার পর সেখান থেকে মদের বোতল, নিষিদ্ধ কাশির সিরাপ, সিরিঞ্জ এবং মহিলাদের পোশাক উদ্ধার হয়েছে। শিক্ষাঙ্গনের ভেতরে এই আপত্তিকর সামগ্রী পাওয়ার ঘটনায় কলেজ চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাধারণ পড়ুয়ারা কক্ষটি খোলার পর এই দৃশ্য দেখতে পান এবং অভিযোগ উঠেছে যে, ছাত্র রাজনীতির আড়ালে এই রুমটিকে নেশার আসর ও অনৈতিক কাজকর্মের আখড়া হিসেবে ব্যবহার করা হতো।
ঘটনার পর থেকে স্থানীয় তৃণমূল ছাত্র পরিষদের নেতারা পলাতক রয়েছেন। এদিকে, এবিভিপি-র পক্ষ থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে বর্তমানে ইউনিয়ন রুমটি সিল করে দেওয়া হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে। এর আগে কলকাতার সুরেন্দ্রনাথ কলেজেও ইউনিয়ন রুম থেকে আপত্তিকর সামগ্রী উদ্ধারের ঘটনা ঘটেছিল, যা নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।