গোদাবরীতে মর্মান্তিক নৌকোডুবি! পুণ্যার্থীদের সলিল সমাধি, নিখোঁজ বহু
মহারাষ্ট্রের বীড় জেলায় গোদাবরী নদীতে নৌকাডুবিতে এক মহিলার মৃত্যু হয়েছে এবং বহু তীর্থযাত্রী নিখোঁজ রয়েছেন। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ মাজালগাঁও তহশিলের গোলেগাঁও অঞ্চলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, ৩৫ জন তীর্থযাত্রীকে নিয়ে নদী পার হওয়ার সময় নৌকাটি আচমকা ভারসাম্য হারিয়ে উল্টে যায়। পুণ্যার্থীরা পুরুষোত্তম দেবতার দর্শনের জন্য পুরুষোত্তমপুরীতে যাচ্ছিলেন।
প্রশাসন সূত্রে অভিযোগ, নৌকোটিতে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী তোলা হয়েছিল এবং যথাযথ সতর্কতা উপেক্ষা করেই সেটি ঘাট ছেড়েছিল। নৌকাটি উল্টে যাওয়ার পর বেশ কয়েকজন সাঁতরে পাড়ে উঠতে পারলেও স্রোতের টানে অনেকে নিখোঁজ হয়ে যান। খবর পেয়েই স্থানীয় বাসিন্দা ও পুলিশ প্রশাসন উদ্ধারকাজ শুরু করেছে এবং নিখোঁজদের সন্ধানে ডুবুরি নামানো হয়েছে। অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকায় যাতায়াতের কারণে ঘটা এই দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।