অর্থনীতিতে নতুন দিশা, ফাঁকফোকর বন্ধেই কঠিন বার্তা অর্থমন্ত্রীর!

রাজ্যের নতুন অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন রাসবিহারী কেন্দ্রের বিধায়ক স্বপন দাশগুপ্ত। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি রাজ্যের কোষাগার সুদৃঢ় করা এবং অর্থনৈতিক ব্যবস্থাপনার ত্রুটি সংশোধনের ওপর সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা ঘোষণা করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, রাজ্যের আর্থিক পরিকাঠামো মজবুত করাই তাঁর প্রাথমিক লক্ষ্য।
বর্তমান ভাতা-নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে উৎপাদনমুখী ও টেকসই উন্নয়নের ওপর জোর দেওয়ার সংকল্প ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী। রাজস্ব আয়ের ক্ষেত্রে মদ ও পেট্রলের ওপর অতি-নির্ভরশীলতা কমানো এবং আয়ের নতুন উৎস খোঁজার বিষয়ে তিনি গুরুত্ব দিয়েছেন। কর নীতি প্রসঙ্গে তিনি জানান, করের হার বাড়ালেই রাজস্ব বৃদ্ধি পায় না, অনেক ক্ষেত্রে করের হার কমিয়েও আয় বাড়ানো সম্ভব। এ বিষয়ে অভিজ্ঞ আধিকারিকদের সঙ্গে নিয়ে একটি নতুন অর্থনৈতিক নীল-নকশা তৈরির পরিকল্পনা করছেন তিনি।
নিজে দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই উত্তরবঙ্গ সফরের সিদ্ধান্ত নিয়েছেন অর্থমন্ত্রী। বৃহস্পতিবার উত্তরবঙ্গ যাত্রার পর শুক্রবার তিনি চা শ্রমিকদের সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন এবং তাঁদের দীর্ঘদিনের সমস্যা সমাধানের আশ্বাস দেবেন। অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনায় উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার।