সিঙ্গুর নিয়ে বড় ইঙ্গিত তাপসের, প্রয়োজনে নিজে গিয়ে টাটাদের সাথে কথা বলব!
রাজ্যের নতুন শিল্প ও বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন প্রবীণ নেতা তাপস রায়। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি দফতরটির উচ্চপদস্থ আমলা ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে গত সরকারের শিল্প-উন্নয়ন নিয়ে সমালোচনা করার পাশাপাশি, সিঙ্গুরে টাটা গোষ্ঠীকে ফিরিয়ে আনা এবং রাজ্যে বড় মাপের বিনিয়োগ আনার বিষয়ে তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিয়েছেন তিনি।
শিল্পায়নের উদ্দেশ্যে মন্ত্রী আমলাদের তিনটি বিষয়ে কঠোর নির্দেশ দিয়েছেন। এর মধ্যে রয়েছে গত জমানায় রাজ্য ছেড়ে যাওয়া ৬,৬৮৮ জন বিনিয়োগকারীর কারণ অনুসন্ধান, পূর্বতন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের স্বাক্ষরিত চুক্তিগুলোর বর্তমান অবস্থা পর্যালোচনা এবং টাটা গোষ্ঠীর সঙ্গে সম্পর্কের বিষয়টি যাচাই করা। পাশাপাশি, শিল্পায়নের জন্য জমির জট কাটিয়ে সরকার প্রথম ১০০ দিনের মধ্যেই একটি স্বচ্ছ নতুন ‘ল্যান্ড পলিসি’ তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে।
আগামী ১৩ তারিখ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফরকে শিল্পায়নের ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এই সফরে তিনি হাওড়ার সাঁকরাইলে আমুল গোষ্ঠীর ৬৫০ কোটি টাকা বিনিয়োগে তৈরি একটি কারখানার উদ্বোধন করবেন। নতুন সরকারের দাবি, এটি রাজ্যের শিল্পক্ষেত্রে হৃত গৌরব ফিরিয়ে আনার পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।