স্কুলের বন্ধ ঘরে টাকার পাহাড়, কাঁচরাপাড়ায় চাঞ্চল্য!

কাঁচরাপাড়ার বেসরকারি স্কুল থেকে উদ্ধার ১ কোটি ৭৭ লক্ষ টাকা, আটক হিসাবরক্ষক
উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার একটি নামী বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে ম্যারাথন তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ৭৭ লক্ষ টাকা উদ্ধার করেছে বীজপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে স্কুলে অভিযান চালায় পুলিশ। তল্লাশির এক পর্যায়ে স্কুলের একটি তালাবন্ধ ঘর থেকে উদ্ধার হয় আটটি টাকার প্যাকেট। বৃহস্পতিবার ভোর পর্যন্ত তিনটি টাকা গোনার মেশিনের সাহায্যে চলে গণনা। এই ঘটনায় স্কুলের হিসাবরক্ষক অভীক নাথকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
এত বিপুল পরিমাণ টাকা কেন ব্যাংকে জমা না রেখে স্কুলের ঘরে লুকিয়ে রাখা হয়েছিল, তার কোনো সদুত্তর দিতে পারেননি হিসাবরক্ষক। এদিকে স্কুলের প্রিন্সিপাল বিকাশচন্দ্র পাল দায় এড়িয়ে দাবি করেছেন, হিসাবরক্ষক তাঁর অজান্তেই এপ্রিল মাস থেকে অ্যাডমিশনের টাকা ব্যাংকে জমা না দিয়ে স্কুলে রেখে দিয়েছিলেন। অন্যদিকে, ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বিধায়ক সুদীপ্ত দাস অভিযোগ করেন যে, প্রভাবশালী কোনো চক্র দুর্নীতি বা কালো টাকা লুকানোর জন্য এই শিক্ষাপ্রতিষ্ঠানটিকে ‘সেফ হাউস’ হিসেবে ব্যবহার করছিল। পুরো বিষয়টি নিয়ে জোর তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ।