প্লেটে অন্ন নাকি মরণফাঁদ, বছরে ১৫ লক্ষ প্রাণ কেড়ে নিচ্ছে দূষিত খাবার!

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদন অনুযায়ী, বিশ্বজুড়ে দূষিত খাবার গ্রহণ জনস্বাস্থ্যের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সংস্থাটির তথ্যমতে, কেবল ২০২১ সালেই দূষিত খাবার খেয়ে বিশ্বজুড়ে প্রায় ১৫ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে এবং অসুস্থ হয়েছেন ৮৬ কোটি ৬০ লক্ষেরও বেশি মানুষ। উন্নত চিকিৎসা বিজ্ঞানের যুগেও বুনিয়াদি স্বাস্থ্যবিধি ও যথাযথ খাদ্য সংরক্ষণের অভাবকেই এ বিপুল মৃত্যু ও অসুস্থতার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, খাদ্যজনিত সংক্রমণের প্রায় এক-তৃতীয়াংশের শিকার হচ্ছে পাঁচ বছরের কম বয়সী শিশুরা। রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়ায় এই শিশুরা সহজে ব্যাকটেরিয়া, ভাইরাস ও পরজীবীর আক্রমণের মুখে পড়ছে, যার ফলে ডায়রিয়া ও জলশূন্যতায় অকালে প্রাণ হারাচ্ছে তারা। এছাড়া খাদ্যজনিত মৃত্যুর প্রায় ৭৩ শতাংশের নেপথ্যে রয়েছে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ। এর মধ্যে ৪২ শতাংশ মৃত্যুর জন্য অজৈব আর্সেনিক এবং ৩১ শতাংশের জন্য সীসা ও মিথাইলমার্কারির মতো ভারী ধাতু দায়ী। এসব বিষাক্ত উপাদান শিশুদের স্নায়ুতন্ত্রের বিকাশ বাধাগ্রস্ত করছে এবং বড়দের মধ্যে হৃদরোগ, স্ট্রোক ও ক্যানসারের মতো ঝুঁকি বাড়াচ্ছে।