দিল্লিতে ফের অগ্নিকাণ্ড, প্রাণ গেল তিনজনের! বাড়ছে আতঙ্ক
ভারতের রাজধানী দিল্লির তুঘলকাবাদের গোবিন্দপুরী এলাকার একটি বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে সংঘটিত এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে দমকল ও পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এরপর তল্লাশি চালিয়ে ২২ বছরের এক যুবক ও দুই মহিলার মরদেহ উদ্ধার করা হয়। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনলেও ভবনে আটকে থাকা অন্য আবাসিকদের নিরাপদে সরিয়ে আনার কাজ এখনো চলছে।
প্রাথমিক তদন্তে পুলিশ ও দমকল কর্মীদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ঘটনার পর আবাসনের মালিকের তথ্য সংগ্রহের পাশাপাশি অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও পরিকাঠামোগত নিরাপত্তা নিয়ে স্থানীয় পর্যায়ে উদ্বেগ তৈরি হয়েছে। উল্লেখ্য, মাত্র এক সপ্তাহ আগেই দিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে অগ্নিকাণ্ডে ২১ জনের মৃত্যু হয়েছিল। বারবার ঘটছে এমন দুর্ঘটনার জেরে রাজধানীর বহুতলগুলোর নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক নজরদারি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।