শালিমারে চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ দোকান!
হাওড়া স্টেশনের পর এবার শালিমার কয়লা ডিপো এলাকায় বড় ধরনের উচ্ছেদ অভিযান চালাল প্রশাসন। শুক্রবার কলকাতা পোর্ট ট্রাস্টের জমিতে দীর্ঘ দিন ধরে গড়ে ওঠা রাস্তার ধারের একাধিক বেআইনি দোকান ও অবৈধ নির্মাণ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বর্ষা নামার আগেই রাস্তা সম্প্রসারণ এবং হাই ড্রেন তৈরির কাজ দ্রুত শেষ করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
কলকাতা বন্দর কর্তৃপক্ষ ও শিবপুর থানার পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযানে দুটি জেসিবি ব্যবহার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। ভোটের কারণে সাময়িকভাবে থমকে থাকা উন্নয়নমূলক কাজগুলো এখন ত্বরান্বিত করার পরিকল্পনা নিয়েছে প্রশাসন। তবে হঠাৎ এই উচ্ছেদ অভিযানের জেরে রুটি-রুজি হারানো ক্ষুদ্র ব্যবসায়ী ও স্থানীয়রা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। উল্লেখ্য, এর আগে মে মাসে হাওড়া স্টেশন চত্বরকে যানজটমুক্ত করতে একইভাবে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছিল রেল কর্তৃপক্ষ।