মাদ্রাসা ছাত্রীদের জন্য সুখবর, বিনামূল্যে জরায়ুমুখ ক্যানসারের টিকা দিচ্ছে রাজ্য সরকার!

স্কুল ও হাসপাতালের পর এবার রাজ্যের মাদ্রাসাগুলিতেও শুরু হতে চলেছে জরায়ুমুখ ক্যানসার বা সার্ভাইক্যাল ক্যানসার প্রতিরোধী এইচপিভি (HPV) টিকাকরণ অভিযান। এই কর্মসূচি সফল করতে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর জেলা প্রশাসন ও মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে একটি বিশেষ নির্দেশিকা ও এসওপি (SOP) জারি করেছে। সরকারি এই উদ্যোগের মাধ্যমে ১৪ থেকে ১৫ বছর বা তার বেশি বয়সী মাদ্রাসা পড়ুয়া কিশোরীরা বিনামূল্যে এই টিকা পাওয়ার সুযোগ পাবে। চিকিৎসকদের মতে, সঠিক বয়সে এই প্রতিষেধক গ্রহণ করলে জরায়ুমুখ ক্যানসারের ঝুঁকি প্রায় ৭৫ থেকে ৮০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব।

ভারতে নারীদের কর্কটরোগের তালিকায় জরায়ুমুখ ক্যানসার দ্বিতীয় স্থানে রয়েছে, যেখানে প্রতি বছর প্রতি লক্ষে ১৪ জন আক্রান্ত হন এবং ৯ জনের মৃত্যু হয়। বিশ্বজুড়ে এই রোগের ভয়াবহতা এবং দেশে ক্রমবর্ধমান আক্রান্তের সংখ্যার কথা মাথায় রেখেই রাজ্য সরকার টিকাকরণের পরিধি বিস্তারের সিদ্ধান্ত নিয়েছে। অতীতে গত ৩০ মে থেকে মুখ্যমন্ত্রী ঘোষিত এই টিকাকরণ কর্মসূচি রাজ্যের বিভিন্ন স্থানে শুরু হলেও, এখন মাদ্রাসাগুলিকে এর অন্তর্ভুক্ত করে প্রান্তিক ও সংখ্যালঘু শ্রেণির কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *