মাদ্রাসার কিশোরীদের সুরক্ষা বলয়ে জরায়ুমুখ ক্যানসারের টিকা! বড় পদক্ষেপ স্বাস্থ্যদপ্তরের

রাজ্যের মাদ্রাসাগুলিতে পাঠরত কিশোরীদের জরায়ুমুখ ক্যানসার বা সার্ভাইক্যাল ক্যানসার প্রতিরোধে বিশেষ এইচপিভি (HPV) টিকাকরণ অভিযানের আওতায় আনার নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। কেন্দ্র সরকারের সহযোগিতায় গত ৩০ মে থেকে রাজ্যে বিনামূল্যে এই টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছিল। এবার সেই সুরক্ষাকবচ আরও বিস্তৃত করতে স্বাস্থ্যদপ্তরের গাইডলাইন ও এসওপি (SOP) মেনে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের যৌথ সমন্বয়ে দ্রুত এই কর্মসূচি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

চিকিৎসা পরিসংখ্যান অনুযায়ী, ভারতে নারীদের ক্যানসারজনিত মৃত্যুর অন্যতম প্রধান কারণ এই জরায়ুমুখ ক্যানসার। প্রতি বছর প্রতি লাখে প্রায় ১৪ জন নারী এতে আক্রান্ত হন এবং মৃত্যু হয় ৯ জনের। চিকিৎসকদের মতে, ১৪-১৫ বছর বা তার ঊর্ধ্বের কিশোরীদের সঠিক সময়ে এই টিকা দেওয়া গেলে প্রায় ৭৫ থেকে ৮০ শতাংশ ক্ষেত্রে রোগটি প্রতিরোধ করা সম্ভব। এই লক্ষ্যেই কেন্দ্র থেকে প্রাপ্ত ৭ লক্ষ ডোজ টিকার মাধ্যমে পরিচালিত কর্মসূচিতে এবার মাদ্রাসা পড়ুয়াদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা প্রান্তিক স্তরে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও দীর্ঘমেয়াদে ক্যানসারজনিত মৃত্যুহার কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *