আমফানের ত্রাণে ২৫০ কোটির দুর্নীতি, অভিষেকের বিরুদ্ধে সরব বিরোধীরা!

২০২০ সালের ঘূর্ণিঝড় আমফানের ত্রাণ বিলিতে আড়াইশো কোটি টাকা দুর্নীতির অভিযোগে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় বিজেপি নেতা অভিজিৎ দাস ববি এই অভিযোগ করেন। পাশাপাশি, জেলা পুলিশ সুপারের কাছে বিষয়টি জানিয়ে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের আর্জিও জানিয়েছেন তিনি।

বিজেপি নেতার অভিযোগ, কেন্দ্রের পাঠানো ত্রাণের টাকা প্রকৃত ক্ষতিগ্রস্তদের না দিয়ে স্থানীয় তৃণমূল নেতৃবৃন্দের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। পরিসংখ্যানে দাবি করা হয়েছে, বিষ্ণুপুর ১ নম্বর ব্লকে ক্ষতিগ্রস্ত ৩১ হাজার বাড়ির বিপরীতে ৩৪ হাজার বাড়ি দেখিয়ে প্রায় ২৬ কোটি টাকা এবং বিষ্ণুপুর ২ নম্বর ব্লকে ৩২ কোটি টাকা নয়ছয় করা হয়েছে। একই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ফোন নম্বর ব্যবহার করে একাধিক ব্যক্তির টাকা তোলা এবং একই পরিবারের অনেক সদস্যের ত্রাণ পাওয়ার মতো অনিয়মের অভিযোগ তুলে তৎকালীন বিডিও, প্রধান ও উপপ্রধানসহ প্রশাসনিক কর্মকর্তাদের তদন্তের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

ইতিমধ্যেই বিধানসভায় সই জালিয়াতি ও অন্যান্য কয়েকটি মামলায় আইনি ও রাজনৈতিক চাপের মুখে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১৫ জুন তাঁর ইডি দপ্তরে হাজিরার কথা রয়েছে। বর্তমানে আমফান দুর্নীতিতে নতুন করে এফআইআর দায়ের হওয়ায় তাঁর অস্বস্তি আরও বৃদ্ধি পেয়েছে। বিজেপির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, আগামী দিনে ডায়মন্ড হারবারের প্রতিটি থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *