অবশেষে অপেক্ষার অবসান! রাজ্যে ঢুকল বর্ষা, কোন জেলাগুলিতে নামবে অতি ভারী বৃষ্টি?
তীব্র দাবদাহের অবসান ঘটিয়ে রাজ্যজুড়ে বর্ষার পূর্ণাঙ্গ প্রবেশ ঘটেছে। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমি বায়ু উত্তরবঙ্গের পাশাপাশি কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সক্রিয় হয়ে উঠেছে। কেবল পুরুলিয়ার ঝাড়খণ্ড-সংলগ্ন কয়েকটি এলাকা বাদে সমগ্র রাজ্য এখন বর্ষার আবহে রয়েছে। সাধারণত দক্ষিণবঙ্গে ১০ জুনের মধ্যে বর্ষা আসার কথা থাকলেও, এ বছর নির্ধারিত সময়ের মাত্র দুদিন পর মৌসুমি বায়ু প্রবেশ করেছে। পশ্চিমবঙ্গ ছাড়াও প্রতিবেশী রাজ্য বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিশগড়ের বেশকিছু অঞ্চলেও মৌসুমি বায়ুর বিস্তার লক্ষ্য করা গেছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। উত্তরবঙ্গের পাহাড়ি ও সংলগ্ন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় হুগলির তারকেশ্বরে সর্বোচ্চ ৮৫.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টির ফলে রাজ্যজুড়ে ভ্যাপসা গরম ও তাপপ্রবাহ কমেছে। শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির এই অনুকূল আবহাওয়ায় ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিক হওয়ার পাশাপাশি আমন ধানসহ বিভিন্ন খরিফ শস্যের চাষাবাদে গতি আসবে বলে আশা করা হচ্ছে।